নতুন ঋণ প্রস্তাব নিয়ে আগামী সপ্তাহে আইএমএফের সঙ্গে আলোচনা: অর্থমন্ত্রী

বাংলাদেশের জন্য নতুন ঋণ প্রস্তাব নিয়ে আলোচনা ইতিবাচক ধারায় এগুচ্ছে। প্রস্তবের বিস্তারিত বিষয় চূড়ান্ত করতে আগামী সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা শুরু হবে। ঋণ প্রস্তাবের যেসব বিষয় এখনও বাকি রয়েছে, সেগুলোর নিষ্পত্তির মাধ্যমে চুক্তি চূড়ান্ত করাই হবে আলোচনার মূল লক্ষ্য। শুক্রবার ব্যাংককে আইএমএফের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে ঋণের বিষয়ে নীতিগতভাবে সবকিছু ঠিক আছে। এখন চুক্তিটি কীভাবে চূড়ান্ত করা যায়, তা নিয়ে দুই পক্ষের প্রতিনিধিদল আলোচনা করবে।

বাংলাদেশের পক্ষ থেকে আইএমএফের কাছে দেওয়া ঋণ প্রস্তাবের চূড়ান্ত পর্যালোচনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী সংস্থাগুলো বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। বিশ্বব্যাংক, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাসহ (জাইকা) বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলো সহায়তা দিতে আগ্রহী।

আগামী বছরকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আমির খসরু বলেন, উন্নয়ন সহযোগীরাও বিষয়টিকে একইভাবে দেখছে।

উল্লেখ্য, আগামী ২৩ অক্টোবর আইএমএফের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করার কথা রয়েছে।

বিশ্বব্যাংকের সঙ্গে পাঁচ বছরের উন্নয়ন কাঠামো

বিশ্বব্যাংকের সঙ্গে আগামী পাঁচ বছরের উন্নয়ন সহযোগিতার কাঠামো তৈরির উদ্যোগের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে একটি কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক (সিপিএফ) সইয়ের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। আগামী পাঁচ বছরের জন্য সরকার একটি উন্নয়ন কাঠামোও তৈরি করেছে।

এ কাঠামোর মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও সহযোগিতার ক্ষেত্রগুলো নির্ধারণে বিশ্বব্যাংকের সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে সরকারের।

ব্যাংককে ১২ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত ২০২৬ সালের আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.