ফিনটেক অ্যাওয়ার্ডসে সেরা উদ্ভাবনের স্বীকৃতি পেল গোল্ড কিনেন

চতুর্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার–টেক’ বিভাগে বিজয়ী হয়েছে গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেড। একই আয়োজনে ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার–ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’ বিভাগেও সম্মানজনক স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে টানা দ্বিতীয় বছর এ আয়োজনে স্বীকৃতি পেল গোল্ড কিনেন।

সোমবার (১২ অক্টোবর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

‘গোল্ড সঞ্চয়কে সবার জন্য সহজলভ্য করা: বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তিতে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক উদ্ভাবনের জন্য প্রতিষ্ঠানটি সেরা প্রযুক্তি উদ্ভাবনের পুরস্কার অর্জন করে। পাশাপাশি ‘গোল্ড সহজলভ্য করা: আর্থিক অন্তর্ভুক্তির নতুন পথ’ শীর্ষক উদ্ভাবনের জন্য আর্থিক অন্তর্ভুক্তি বিভাগে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

গোল্ড কিনেনের তিন প্রতিষ্ঠাতা—প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা কামরান সাঞ্জয় রহমান, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা রাফাতুল বারী লাবিব এবং প্রধান অর্থ কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা আতেফ হাসান ঈসা পুরস্কারগুলো গ্রহণ করেন।

এর আগে ২০২৫ সালে তৃতীয় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে ‘ফিনটেক স্টার্টআপ অব দ্য ইয়ার’ বিভাগে সম্মানজনক স্বীকৃতি পেয়েছিল গোল্ড কিনেন। এবারের অর্জন দেশের আরও বেশি মানুষের কাছে সোনা সঞ্চয়ের সুযোগ পৌঁছে দিতে প্রযুক্তির ব্যবহারে প্রতিষ্ঠানটির ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি।

গোল্ড কিনেন একটি প্রযুক্তিনির্ভর সোনা সঞ্চয় প্ল্যাটফর্ম। এর মাধ্যমে গ্রাহকেরা মাত্র ৫০০ টাকা থেকে দৈনন্দিন নির্ধারিত বাজারদরে ২২ ক্যারেট হলমার্কযুক্ত ও সনদপ্রাপ্ত সোনা ধাপে ধাপে কিনে সঞ্চয় করতে পারেন। সঞ্চিত সোনা ০.৫ গ্রাম থেকে ১০ গ্রাম পর্যন্ত বিভিন্ন ওজনের সোনার বার ও কয়েন আকারে উত্তোলনের সুযোগও রয়েছে।

সোনা সঞ্চয়ের প্রাথমিক আর্থিক বাধা কমিয়ে আনার মাধ্যমে প্ল্যাটফর্মটি গ্রাহকদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ধীরে ধীরে সঞ্চয় গড়ে তোলার সুযোগ দিচ্ছে।

অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে দেশব্যাপী সোনা সঞ্চয় প্রচারণার মধ্যেই ফিনটেক অ্যাওয়ার্ডসে এ স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সোনা সঞ্চয়ের বিষয়ে আগ্রহ ও সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে গোল্ড কিনেন।

প্রতিষ্ঠানটির লক্ষ্য বাংলাদেশের মানুষের জন্য সোনা সঞ্চয়কে আরও সাশ্রয়ী, সহজলভ্য ও সুবিধাজনক করে তোলা, যাতে আরও বেশি মানুষ নিজেদের নিয়মিত সঞ্চয়ের অংশ হিসেবে ধীরে ধীরে সোনা জমাতে পারেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.