ক্যাশলেস লেনদেন বাড়াতে বাংলা কিউআর চালু করল মিডল্যান্ড ব্যাংক

ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার এবং ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে নির্বাচিত খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নির্বাচিত মার্চেন্ট পয়েন্টে এ সেবা চালু করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বাংলা কিউআর সেবার উদ্বোধন করেন।

বাংলা কিউআরের মাধ্যমে গ্রাহকেরা সমর্থিত মোবাইল ব্যাংকিং অ্যাপ ও ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে মার্চেন্টের কিউআর কোড স্ক্যান করে সহজেই মূল্য পরিশোধ করতে পারবেন। এ সেবা দৈনন্দিন লেনদেন আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করার পাশাপাশি নগদ অর্থের ওপর নির্ভরতা কমাতে সহায়তা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইমতিয়াজ ইউ. আহমেদ বলেন, বাংলা কিউআর সেবা চালু মিডল্যান্ড ব্যাংকের ডিজিটাল রূপান্তরের যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ সেবার মাধ্যমে গ্রাহক ও মার্চেন্টদের নিরাপদ ও সুবিধাজনক ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি বাংলাদেশের ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার অগ্রযাত্রায় অবদান রাখতে চায় ব্যাংকটি।

এ উদ্যোগের মাধ্যমে আরও বেশি খুচরা বিক্রেতাকে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আনার পাশাপাশি দেশব্যাপী কিউআরভিত্তিক লেনদেনের ব্যবহার বাড়াতে কাজ করবে মিডল্যান্ড ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক ও ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলা কিউআর মার্চেন্ট নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ডিজিটাল পেমেন্ট সেবা আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ ব্যাংকটি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. নাজমুল হুদা সরকারসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.