এনআরবি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত

এনআরবি ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বনানীতে ক্লাব নটরডেমিয়ান বাংলাদেশ লিমিটেডে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১০-এর পরিচালক ইস্তেকমাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসপিসিডির পরিচালক মোহাম্মদ আবদুর রব। সম্মেলনে মুখ্য আলোচক ছিলেন ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১০-এর অতিরিক্ত পরিচালক মো. মাহফুজুর রহমান। এতে সভাপতিত্ব করেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ঝুঁকি ব্যবস্থাপনা ব্যাংকারদের ডিএনএর অংশ’।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ইস্তেকমাল হোসেন দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। ঝুঁকি ব্যবস্থাপনাকে ব্যাংকারদের ডিএনএর অংশ হিসেবে বিবেচনা করে সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করায় তিনি এনআরবি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ আবদুর রব ঝুঁকিভিত্তিক তদারকি, নিয়ন্ত্রণমূলক বিধিবিধান পরিপালন এবং ঝুঁকি শনাক্ত ও প্রশমনের কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমে ঝুঁকিসচেতনতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মুখ্য আলোচক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. মাহফুজুর রহমান ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে এসব বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য এনআরবি ব্যাংককে পরামর্শ দেন তিনি।

সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান ঝুঁকি ব্যবস্থাপনাকে ‘টোন অ্যাট দ্য টপ’ হিসেবে উল্লেখ করে এর গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, ব্যাংকে ঝুঁকি ব্যবস্থাপনাকেন্দ্রিক মনোভাব ও পরিবেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য। এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে প্রত্যেক কর্মকর্তা যথাযথভাবে ঝুঁকি শনাক্ত করবেন এবং দ্রুত তা প্রশমনের উদ্যোগ নেবেন। পাশাপাশি ভবিষ্যতে যাতে একই ধরনের ঝুঁকি তৈরি না হয়, সেদিকেও নজর রাখতে হবে।

এ উদ্যোগের মাধ্যমে এনআরবি ব্যাংক পিএলসি করপোরেট সুশাসন জোরদার, ঝুঁকি ব্যবস্থাপনার সক্রিয় সংস্কৃতি গড়ে তোলা এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী টেকসই ব্যাংকিং কার্যক্রম নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.