নতুন বেতন কার্যকর হলেও এবারের রিটার্নে বাড়তি আয় দেখাতে হবে না

সরকারি কর্মকর্তারা চলতি মাসের বেতনের সঙ্গে বাড়তি টাকা পাওয়া শুরু করবেন। নতুন বেতন–ভাতা কার্যকর হচ্ছে। কিন্তু এবারের আয়কর রিটার্নে বাড়তি বেতন–ভাতার খবর দিতে হবে না। গত অর্থবছরের যা আয় করেছেন তাঁরা, সেই আয়ের ওপর কর দিতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর আইন অনুসারে, সরকারি কর্মকর্তাদের ৩ ধরনের আয়ে কর বসে। আর ৪২ ধরনের আয়ে কর নেই।

বর্তমানে দেশে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তাঁদের একটি অংশ এখনো করজালের বাইরে থাকলেও আয়কর আইন অনুযায়ী নির্দিষ্ট আয়ের ওপর কর দেওয়া আইনিভাবে বাধ্যতামূলক।

দশম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের রিটার্ন দেওয়া বাধ্যতামূলক, অন্যদের নয়। রিটার্ন না দিলে বেতন–ভাতা পাওয়ায় জটিলতা তৈরি হয়।

মনে রাখবেন, গত জুলাই থেকে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের যে নতুন বেতন–ভাতা কার্যকর করা হলো, সেই হিসাব এবারের রিটার্নে দেখাতে হবে না। ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত আয়ের হিসাব দিতে হবে এবার। এবার সারা বছরই রিটার্ন দেওয়ার বিধান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সরকারি কর্মকর্তাদের সব আয়ে কর নেই। কিছু আয়ে করছাড় দেওয়া আছে।

২০২৩ সালের ১৩ জুলাইয়ের আয়করের ২২৫ নম্বর প্রজ্ঞাপন অনুসারে, একজন কর্মচারীর মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস করযোগ্য আয় হিসেবে ধরা হবে। এসব আয়ের ওপর নির্ধারিত হারে আয়কর দিতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৬–২৭ অর্থবছরের আয়কর নির্দেশিকায় ৪২ ধরনের ভাতা ও সুবিধাকে করমুক্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে চিকিৎসা ভাতা, নববর্ষ ভাতা, বাড়িভাড়া ভাতা, শ্রান্তি ও বিনোদন ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, কার্যভার ভাতা, পাহাড়ি ভাতা, ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, পোশাক ভাতা, আপ্যায়ন ভাতা, ধোলাই ভাতা, বিশেষ ভাতা, প্রেষণ ভাতা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা, জুডিশিয়াল ভাতা, চৌকি ভাতা, ডোমেস্টিক এইড অ্যালাউয়েন্স, ঝুঁকি ভাতা, অ্যাকটিং অ্যালাউন্স, মোটরসাইকেল ভাতা, আর্মরার অ্যালাউন্স, নিঃশর্ত যাতায়াত ভাতা, টেলিকম অ্যালাউন্স , ক্লিনার অ্যালাউন্স, ড্রাইভার অ্যালাউন্স, মাউন্টেড পুলিশ অ্যালাউন্স, পিবিএক্স অ্যালাউন্স, সশস্ত্র শাখা ভাতা, বিউগলার অ্যালাউন্স, নার্সিং অ্যালাউন্স, দৈনিক বা খোরাকি ভাতা, ট্রাফিক অ্যালাউন্স, রেশন মানি, সীমান্ত ভাতা, ব্যাটম্যান ভাতা, ইন্সট্রাকশনাল অ্যালাউন্স, নিযুক্তি ভাতা, আউটফিট ভাতা এবং গার্ড পুলিশ ভাতা।

তবে সব সরকারি চাকরিজীবী এসব ভাতা পান না। চাকরির ধরন অনুসারে এসব ভাতা দেওয়া হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.