আখতারুজ্জামানের মুক্তি ও সাজানো মামলা প্রত্যাহারের দাবি জামায়াত আমিরের

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দেওয়া এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা ‘সাজানো মামলা’ প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আখতারুজ্জামান কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি উল্লেখ করে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

শুক্রবার (২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এই ক্ষোভ ও দাবি প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনার স্পষ্ট প্রমাণ রয়েছে বলেই ঘটনার পর সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মেজর (অব.) আখতারুজ্জামান কেবল সাধারণ যাত্রী হয়রানি, প্রবাসফেরত বীর বাংলাদেশিদের প্রতি অবহেলা ও অন্যায় আচরণেরই প্রতিবাদ জানিয়েছিলেন।

তিনি উল্লেখ করেন, আখতারুজ্জামান ঠিক কী বিষয়ে প্রতিবাদ করেছেন, বিমানবন্দরের উপস্থিত যাত্রীরাই তার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী। তাঁর বক্তব্য বা ভাষা কী ছিল, তা না দেখে ঘটনার মূল কারণ অনুধাবন করা জরুরি।

জামায়াত আমির আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, বিমানবন্দরের ভেতরের নানা অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতিকে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে যদি আখতারুজ্জামানকে এভাবে হয়রানিমূলক গ্রেপ্তার করা হয়ে থাকে, তবে তা অত্যন্ত অশনিসংকেত। দেশের ভুক্তভোগী সাধারণ জনগণ সরকারের এই ধরনের পদক্ষেপ কোনোভাবেই মেনে নেবে না।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.