গাজায় হামলায় আরও এক সাংবাদিক নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকার মধ্যে বুধবার সাংবাদিক মুহাম্মদ আবদেল আজিজ আল-নাজ্জারসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আল-নাজ্জারের মৃত্যুতে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬৩ জনে দাঁড়িয়েছে।

তবে আল-নাজ্জার ঠিক কোথায় এবং কীভাবে নিহত হয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে গাজা সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাল আল-হাওয়া এলাকায় একটি যাত্রীবাহী ভ্যানে ইসরায়েলি ড্রোন হামলায় ছয়জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও চিকিৎসাসূত্র জানিয়েছে, হামলার পর ১৩ আহত ব্যক্তিকে আল-কুদস হাসপাতালে নেওয়া হয়। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলার পর তাদের উদ্ধারকারী দল আহতদের হাসপাতালে পৌঁছে দেয়। চিকিৎসকদের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্যব্যবস্থা দীর্ঘদিনের হামলা ও অবরোধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় গুরুতর আহতদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় অন্তত এক নারী নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা।

গাজায় চলমান হামলার মধ্যেই সাংবাদিকদের প্রাণহানির সংখ্যাও বাড়ছে। গাজার সরকারি মিডিয়া অফিসের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৬৩ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.