দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি ঘোষণা

দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সরকারের এক নির্বাহী আদেশে এই ঘোষণা দেওয়া হয়।

এ বছর দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি রয়েছে তালিকায়। পর দিন ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে সব মিলিয়ে এবার দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের সরকারি ছুটি থাকবে।

হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজয় কান্তি সরকার এসব তথ্য জানিয়েছেন। এছাড়া এবার দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে পূজামণ্ডপগুলোর জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দ বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

বিজয় কান্তি সরকার বলেন, প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে পূজামণ্ডপগুলোর জন্য ৪ কোটি টাকার যে বিশেষ বরাদ্দ থাকে, এবার প্রধানমন্ত্রী আরও ১ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি করেছেন।

এদিকে বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসব উপলক্ষে ধর্মীয় কল্যাণ তহবিল থেকে অনুদানের অর্থও আরও ১ কোটি টাকা বৃদ্ধি করেছেন প্রধানমন্ত্রী। গত বছর ২ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল, এবার তা বাড়িয়ে ৩ কোটি টাকা দেওয়া হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.