ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ইসির নতুন উদ্যোগ

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে নির্বাচন-পূর্ব অনিয়মের অভিযোগ অনুসন্ধান ও বিচার করতে গঠিত কমিটির কার্যক্রমকে বিচারিক কাজ হিসেবে গণ্য করার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দিয়েছে কমিশন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি সূত্র জানায়, উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচন-পূর্ব সময়ে সম্ভাব্য অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অনুসন্ধান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনটি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে দুজন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং একজন সিভিল জজকে রাখা হয়েছে।

কমিটি গঠনের বিষয়ে ইসির আইন শাখার উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন পৃথক আদেশ জারি করেন। এখন কমিটির কার্যক্রম যাতে বিচারিক কাজ হিসেবে বিবেচিত হয় এবং সংশ্লিষ্ট বিচারকরা দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পান, সে বিষয়েই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে নির্বাচন-পূর্ব পরিবেশ, প্রার্থীদের আচরণ এবং সম্ভাব্য অনিয়মের বিষয়ে নজরদারি জোরদার করেছে ইসি। অভিযোগ পাওয়ার পর সেগুলো অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব থাকবে গঠিত কমিটিগুলোর।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.