মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের সমাপ্তি টানতে এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে ওয়াশিংটনের কাছে নতুন প্রস্তাব জমা দিয়েছে ইরান।
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এবং দ্য গার্ডিয়ানকে এই তথ্য নিশ্চিত করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করা হলে আগামী সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। এই প্রস্তাবের অংশ হিসেবে মঙ্গলবার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও বৈঠক করেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, নতুন এই প্রস্তাবে লেবাননসহ সমগ্র মধ্যপ্রাচ্যে টানা ৭ দিনের জন্য সব ধরনের সামরিক সংঘাত বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক ব্যাংকে আটকে থাকা ইরানের অন্তত ১২ বিলিয়ন ডলারের বাজেয়াপ্ত সম্পদ মুক্ত করা, ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে।
প্রস্তাবের শর্তগুলো বাস্তবায়িত হলে যুদ্ধবিরতির সপ্তম দিনে ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে। বর্তমানে ইরান এই প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে চীন এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে বলে জানান আরাঘচি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.