প্রেসিডেন্ট শির সঙ্গে ‌‌‘‘গভীর বন্ধুত্ব’’ রয়েছে: ট্রাম্প

চলমান বাণিজ্য যুদ্ধ এবং ইরানের প্রতি বেইজিংয়ের সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের ব্যাপক টানাপোড়েন রয়েছে। তবে এসব সমীকরণ পাশ কাটিয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে জোর দিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে জাকজমকপূর্ণ আয়োজনে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার শি জিনপিংয়ের এই ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে পুরো হোয়াইট হাউসজুড়ে ছিল রাজকীয় আয়োজন। সেখানে পৌঁছানোর পর প্রেসিডেন্ট শি জিনপিংকে আনুষ্ঠানিকভাবে উষ্ণ অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ওভাল অফিসে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সন্ধ্যায় চীনের শীর্ষ নেতার সম্মানে এক সাড়ম্বর নৈশভোজের আয়োজন করা হয়।

বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নিজের ‌‌‘‘গভীর বন্ধুত্বের’’ প্রশংসা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, প্রেসিডেন্ট শি এবং আমি এমন এক বন্ধুত্ব গড়ে তুলেছি; যা সত্যিকারের অর্থেই চমৎকার। এই সম্পর্ক পরস্পরের প্রতি শ্রদ্ধা ও দুই দেশের জনগণের মৌলিক স্বার্থের ওপর দাঁড়িয়ে আছে।’’

এরপর প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে আসতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এই উষ্ণ আতিথেয়তার জন্য ট্রাম্প দম্পতিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্র; উভয়ই মহান দুটি দেশ। বন্ধুত্ব অব্যাহত রাখা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার পরিধি আরও বাড়াতেই তার এই ওয়াশিংটন সফর। দুটি প্রধান পরাশক্তি হিসেবে মানবজাতির উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়ার এক ঐতিহাসিক দায়িত্বও দুই দেশের ওপর রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

চীন-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের এই বিশাল তরীকে এক স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে ট্রাম্পের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন চীনা প্রেসিডেন্ট।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.