প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ শুনানি হবে। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
কড়া নিরাপত্তার মধ্যে সেনা হেফাজত থেকে মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এর আগে গত ২৩ জুলাই শুনানি শেষে তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখান ট্রাইব্যুনাল। একই সঙ্গে তদন্ত সংস্থাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে ২৩ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়।
তদন্ত সংস্থা জানিয়েছে, জিয়াউর রহমান হত্যাকাণ্ড এবং জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে মোজাফফরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ জুলাই তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম তখন জানান, জিয়াউর রহমান হত্যা মামলায় সেনা হেফাজতে থাকা মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
ট্রাইব্যুনালে চলমান মামলাটি ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগসংক্রান্ত। এ মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীও আসামি।
প্রসিকিউশনের দাবি, মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের সূত্র ধরে মোজাফফরের সম্পৃক্ততার বিষয়ে তদন্ত শুরু হয়। জুলাই আন্দোলনের সময় তাদের মধ্যে যোগাযোগের তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জিয়াউর রহমান হত্যা মামলায় তার বিরুদ্ধে সামরিক আইনে বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.