এডিস মশাবাহিত ডেঙ্গুর বিস্তার ঠেকাতে দেশব্যাপী তিন মাসের বিশেষ ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন শুরু হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
সোমবার (২১ সেপ্টেম্বর) এক বার্তায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগ কিংবা কীটনাশক প্রয়োগের মাধ্যমে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য মানুষের ব্যক্তিগত সচেতনতা ও সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রভাবকে কাজে লাগিয়ে ডেঙ্গু প্রতিরোধের তথ্য দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। জনগণের অংশগ্রহণ এবং সময়োপযোগী তথ্যের প্রচার ডেঙ্গুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষ করে তরুণদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের ক্যাম্পেইনে অংশ নেওয়ার আহ্বান জানান ড. মুহিত। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ভিডিও, রিলস, স্টোরি, ইনফোগ্রাফিক ও বিভিন্ন ধরনের পোস্ট তৈরির মাধ্যমে প্রচারণায় যুক্ত হওয়ার অনুরোধ জানান তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এরই মধ্যে বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর এ সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত হয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার মতো গুরুত্বপূর্ণ বার্তাগুলো সৃজনশীল কনটেন্টের মাধ্যমে সহজেই মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।
আগামী তিন মাসের ক্যাম্পেইনে সামাজিক যোগাযোগমাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গুর লক্ষণ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে বিভিন্ন তথ্য প্রচার করা হবে। একই সঙ্গে নিজ নিজ বাড়ি, আঙিনা ও কর্মস্থল পরিষ্কার রাখার পাশাপাশি অনলাইনেও সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.