জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্ক পর্বে প্রথমবারের মতো বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর এবারের ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পাশাপাশি নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায্য ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কার নিয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও ২৬ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন। নিউইয়র্কে তাঁর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে ২২ সেপ্টেম্বর। সেদিন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশ ও অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। একই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আয়োজিত অভ্যর্থনাতেও যোগ দেওয়ার কথা রয়েছে।

২৩ সেপ্টেম্বর বৈশ্বিক বৈষম্য সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়ে উচ্চপর্যায়ের সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। একই দিনে বাংলাদেশের আয়োজনে রোহিঙ্গা সংকটবিষয়ক একটি পার্শ্ব বৈঠকে অংশ নিয়ে মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইবেন তিনি।

২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলাবিষয়ক উচ্চপর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর, ক্ষয়ক্ষতি ও জলবায়ু ন্যায়বিচারের মতো বিষয় তুলে ধরবে বাংলাদেশ। একই দিন মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং মিডওয়াইফারিবিষয়ক একটি পার্শ্ব বৈঠকেও বক্তব্য দেবেন তিনি।

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে কুয়েতের ক্রাউন প্রিন্স এবং ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সূচিও রয়েছে। এসব বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে ওয়াল স্ট্রিট, মেটা ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে।

নিউইয়র্ক সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.