জ্বালানি তেলের দাম বাড়ল

দেশে ডিজেল, পেট্রোল ও অকটেনসহ সব ধরনের জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়ছে। এ দফায় লিটার প্রতি ২০ টাকা করে দাম বাড়ানো হচ্ছে।

তেলের নতুন দাম আজ রোববার রাত ১২টায় কার্যকর হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

নতুন করে মূল্য বাড়ানোর আগে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা দরে বিক্রি হয়েছে। মূল্য বাড়ানোর পর প্রতি লিটার  ডিজেলের দাম দাঁড়িয়েছে ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫, পেট্রোল ১৬০ এবং অকটেন ১৬৫ টাকা।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবনতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার দেশের বাজারে দাম বাড়াতে বাধ্য হয়েছে।

জ্বলানি মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়,মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে দেশে তা পুরোপুরি সমন্বয় করা হয়নি। এতে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত তিন দফা জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।

এর আগে ১৯ এপ্রিল থেকে ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়। একই সময়ে কেরোসিন ১৮, পেট্রল ১৯ এবং অকটেন ২০ টাকা বাড়ানো হয়। জুনে কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম আরও ৫ টাকা করে বাড়ে। এরপর জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর পর্যন্ত দাম অপরিবর্তিত ছিল।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.