কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধার: আটক ১
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা এলাকায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, অপ্রতিম হত্যার ঘটনায় পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। তারা কিছু ক্লু পেয়েছেন এবং একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমি এখান থেকে যাওয়ার পর আমরা ননস্টপ জিজ্ঞাসাবাদ করে আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে কে কে জড়িত, এটার মোটিভ কী ছিল, কী উদ্দেশ্যে তাকে…। এই ছোট বাচ্চাটি, নিষ্পাপ বাচ্চাটিকে মেরে ফেললো- এটা কি শুধুই একটি আইফোনের জন্যই ছিল, নাকি এর সঙ্গে অন্য কিছু জড়িত; এ বিষয়টি আমরা সঠিকভাবে খতিয়ে দেখবো, তদন্ত করবো।
পুলিশ সুপার বলেন, প্রকৃত যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের গ্রেফতার করে অপ্রতিমের বাবা-মা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পুরো বিষয় জানানো হবে। তিনি এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতাও চান।
গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিল কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম। আজ দুপুর ১টার দিকে সানন্দা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে বাড়ি থেকে হেঁটে বের হয় অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে না পেয়ে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম জানান, অপ্রতিমের সঙ্গে একটি আইফোন ছিল। নিখোঁজ হওয়ার পর থেকেই ফোনটি বন্ধ পাওয়া যায়। অপ্রতিম কোটবাড়ি এলাকা খুব ভালোভাবে চেনে এবং এখানেই বড় হয়েছে। সে একা চলাফেরা করতে পারে। তাই সাধারণভাবে পথ হারিয়ে তার নিখোঁজ হওয়ার কথা নয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.