৮ দফা থেকে এক দফা, সরকারকে ডা. শফিকুর রহমানের হুঁশিয়ারি

দাবি আদায় না হলে ঘোষিত ৮ দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে বলে সরকারকে সতর্ক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘আমাদের ৮ দফা দাবি রয়েছে। এটা ৯ দফা হতে পারে, ১০ দফাও হতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় তা এক দফায় পরিণত হতে পারে।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, এক দফার পরিস্থিতি তৈরি হলে সেটি খুবই কঠিন পরিস্থিতি হবে। তাই সরকারকে সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে জনগণের দাবিগুলো মেনে নেওয়া উচিত।

জামায়াত আমির বলেন, কোনো ধরনের চাপ বা হুমকি দিয়ে বিরোধী দলগুলোর আন্দোলন থামানো যাবে না। গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে লংমার্চের পর ঢাকায় বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। গত দুই দিনেও নানা ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি বলেন, এসব ঘটনায় হতাশ হওয়ার কিছু নেই। সরকারের উচিত মাথা গরম না করে জনগণের দাবিগুলো মেনে নেওয়া। কারণ এসব দাবি কোনো একটি দলের নয়, দেশের ১৮ কোটি মানুষের দাবি।

শফিকুর রহমান আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না। শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জোটের বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন। তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

লংমার্চের ৮ দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি-গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয় রাজনীতির অবসান, দুর্নীতি-দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.