পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত জেলায় একটি মসজিদে গাড়িবোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং পাঁচজন পুলিশ সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পেশোয়ার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, হামলাকারীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে কোহাত জেলার পুলিশ সদরদপ্তরের মসজিদের গেটে ধাক্কা দেন। এরপর গাড়িটিতে বিস্ফোরণ ঘটানো হলে মসজিদে থাকা মুসল্লিদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলি শুরু হয়। এ সময় পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বিস্ফোরণে মসজিদটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার পর স্থানীয় হাসপাতালে ১৫টি মরদেহ এবং প্রায় ৫০ জন আহত ব্যক্তিকে নেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসক তাহির শাহ জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তান সীমান্তবর্তী এই অঞ্চলে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সক্রিয়তা রয়েছে। সংগঠনটি অতীতেও পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.