আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি মধ্যপন্থার একটি রাজনৈতিক দল। বাংলাদেশের লাল-সবুজের পতাকা ও সবুজ পাসপোর্টের মর্যাদা রক্ষায় দলটি সব সময় বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘ধর্ম নিয়ে রাজনীতি’ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ধর্ম তাঁর বিশ্বাস ও শ্রদ্ধার জায়গা। ধর্মকে রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করে মানুষের রক্তপাত ঘটানোর পক্ষে তিনি নন। তাঁর ভাষ্য, বিএনপি ধর্ম নিয়ে ব্যবসার বিরোধিতা করে।
আসাদুজ্জামান বলেন, সব সম্প্রদায়ের সহাবস্থানের ভিত্তিতে এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে, যেখানে আগামী প্রজন্মের জন্য দেশটি বাসযোগ্য হয়ে ওঠে।
আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আইনজীবী সমাজে মুসলিম, হিন্দু ও খ্রিষ্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছেন। কিন্তু আদালতে দায়িত্ব পালনের সময় তাঁদের পরিচয় সাম্প্রদায়িক নয়; তাঁরা কালো কোট পরা আইনজীবী হিসেবেই পরিচিত।
তিনি বলেন, সাম্প্রদায়িকতাহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় আচরণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.