রাজধানীর খিলগাঁওয়ে বিএনপি কর্মী ও ফটোগ্রাফার-গ্রাফিক্স ডিজাইনার রাব্বি হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক সরকারের মন্ত্রী, আমলা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, তারিক আহমেদ সিদ্দিকী, আনিসুল হক, হাছান মাহমুদ, কামরুল ইসলাম, আসাদুজ্জামান নূর, শেখ ফজলুল করিম সেলিম, শাজাহান খান, আব্দুর রাজ্জাক, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবীর নানক, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননসহ অনেকে।
এ ছাড়া সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বেনজীর আহমেদ, জাবেদ পাটোয়ারী ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ও হাবিবুর রহমান, ডিবির সাবেক প্রধান হারুন-অর-রশীদ এবং সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামও মামলার আসামি।
মামলার অভিযোগে বলা হয়েছে, রাব্বি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং নিয়মিত আন্দোলনে অংশ নিতেন। ২০২৪ সালের ৫ আগস্ট খিলগাঁওয়ের তালতলা এলাকায় আন্দোলনে অংশ নেওয়ার সময় দুপুর ২টার দিকে তিনি গুলিবিদ্ধ হন।
পরে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর ঘটনায় ১২৫ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.