দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৩৬ শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ১০০ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৩৬ শিশু মারা গেছে।
এছাড়া ২৪ ঘণ্টায় ৭৭ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৩৯। এ সময়ে ১ হাজার ১৬২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৮৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৯৫৯, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ২০১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৫৩ হাজার ২৭৯ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ রোগী ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়.