স্মার্ট ও ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। এই সমন্বিত ব্যবস্থায় শিক্ষার্থীদের পরিচয়পত্র, ক্যাম্পাস সেবা, নগদবিহীন লেনদেন ও ডিজিটাল নথি ব্যবস্থাপনাকে এক প্ল্যাটফর্মে আনা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর গ্রিন রোডে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ইউএপির ৩০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে ওয়ানকার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ওয়ানকার্ড ব্যবস্থায় একটি স্মার্ট কার্ডের পাশাপাশি ওয়ানআইডি অ্যাপ, ডিজিপে অ্যাপ, ডিজিপে মার্চেন্ট অ্যাপ ও ওয়ানকার্ড ভল্ট রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যবহারকারীরা পরিচয়, লেনদেন এবং বিভিন্ন ডিজিটাল নথি ব্যবস্থাপনার সুবিধা পাবেন।
ওয়ানআইডি অ্যাপের মাধ্যমে ডিজিটাল পরিচয় ও ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনা করা যাবে। ডিজিপে অ্যাপের মাধ্যমে হিসাব ব্যবস্থাপনা ও নগদবিহীন লেনদেনের সুবিধা পাওয়া যাবে। আর অংশগ্রহণকারী মার্চেন্টরা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট গ্রহণ করতে পারবেন।
এ ছাড়া ওয়ানকার্ড ভল্টে সার্টিফিকেট, পরিচয়পত্র, এনরোলমেন্ট লেটার ও ট্রান্সক্রিপ্টের মতো যাচাইকৃত নথি নিরাপদে সংরক্ষণ করা যাবে। প্রাথমিক পর্যায়ে ওয়ানকার্ডের আওতায় থাকছে উপস্থিতি, লাইব্রেরি, ক্যান্টিন, ডিজিটাল পরিচয় ও ক্রেডেনশিয়াল সেবা। পর্যায়ক্রমে এতে আরও বিভিন্ন ক্যাম্পাস সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ। তিনি ওয়ানকার্ডকে উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে ইউএপি ও ডিজি ইনফোটেক লিমিটেডের উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও দক্ষ ও শিক্ষার্থীবান্ধব করতে নিরাপদ প্রযুক্তিনির্ভর সেবা ব্যবহারের ওপর গুরুত্ব দেন।
বিশেষ অতিথির বক্তব্যে ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মোজিবুল হক বলেন, ওয়ানকার্ড বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ উদ্যোগ ইউএপির ডিজিটাল সেবা শক্তিশালী করার পাশাপাশি আধুনিক, দক্ষ ও সংযুক্ত ক্যাম্পাস পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, ডিজিটাল পরিচয়, পেমেন্ট ও ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনাকে একই প্ল্যাটফর্মে যুক্ত করায় ওয়ানকার্ডের মাধ্যমে দৈনন্দিন ক্যাম্পাস কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে। ডিজি ইনফোটেক লিমিটেডের সঙ্গে অংশীদারত্ব ইউএপির চলমান ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ওয়ানকার্ডের বিভিন্ন সেবা নিয়ে ভিডিও প্রদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে ডিজি ইনফোটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ মাহমুদ ওয়ানকার্ডের প্রযুক্তিগত বিভিন্ন দিক এবং সমন্বিত পেমেন্ট ব্যবস্থা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে প্ল্যাটফর্মটিতে আরও সেবা যুক্ত করার পরিকল্পনার কথা জানান।
অনুষ্ঠানে ইউএপির ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.