বিটপি গ্রুপের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

বিটপি গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষায়িত এমপ্লয়ি ব্যাংকিং সেবা চালু করতে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এ চুক্তির আওতায় গ্রুপটির কর্মীরা দৈনন্দিন ব্যাংকিংয়ের পাশাপাশি সঞ্চয়, ঋণ ও কার্ডভিত্তিক বিভিন্ন আর্থিক সুবিধা পাবেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৫ আগস্ট ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান এবং বিটপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিরান আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় বিটপি গ্রুপের কর্মীরা প্রিভিলেজ স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যক্তিগত ঋণ, ডিপিএস ও এফডিসহ এমপ্লয়ি ব্যাংকিংয়ের বিভিন্ন সুবিধা নিতে পারবেন। এসব সেবার মাধ্যমে কর্মীদের দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা ও প্রয়োজন পূরণে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ব্র্যাক ব্যাংক।

বিটপি গ্রুপ তৈরি পোশাক, বিজ্ঞাপন, অনুষ্ঠান ব্যবস্থাপনা, মৎস্য ও কৃষিসহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করে। গ্রুপটির চারটি বড় তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় জ্যাকেট, অ্যাক্টিভওয়্যার, ডেনিম, নন-ডেনিম ও সিন্থেটিক পোশাক উৎপাদন করা হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাহীন ইকবাল, উপব্যবস্থাপনা পরিচালক ও করপোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মো. আসিফ বিন ইদ্রিস, উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মো. মাহীয়ুল ইসলাম এবং এমপ্লয়ি ব্যাংকিংয়ের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার জেবুন নাহারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিটপি গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. মোরশেদুল হক, এইচআর, অ্যাডমিন অ্যান্ড সাসটেইনেবিলিটির জেনারেল ম্যানেজার মো. এমদাদুল করিম এবং ফাইন্যান্স অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ডিজিএম মো. জসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং ও আর্থিক সেবা দেওয়ার মাধ্যমে তাদের আর্থিক ব্যবস্থাপনাকে আরও সহজ করার ওপর গুরুত্ব দিচ্ছে ব্যাংকটি। প্রযুক্তিনির্ভর সেবা ও বিভিন্ন আর্থিক সমাধানের মাধ্যমে পেশাজীবীদের সঞ্চয়, ঋণ ও অন্যান্য আর্থিক প্রয়োজন পূরণে সহায়তা করাই এ ধরনের এমপ্লয়ি ব্যাংকিং সেবার অন্যতম লক্ষ্য।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.