বাড়ল আমদানি, কমেছে রফতানি; জুলাইয়ে বাণিজ্য ঘাটতি ছাড়ালো ২০৯ কোটি ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের বৈদেশিক বাণিজ্যে ঘাটতি আরও বেড়েছে। আমদানি ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়লেও রফতানি আয় কমে যাওয়ায় মাসটিতে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২০৯ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিল ১৫১ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের জুলাইভিত্তিক বৈদেশিক লেনদেনের ভারসাম্য প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে আমদানি বাবদ দেশের ব্যয় হয়েছে ৬৪৪ কোটি ডলার। আগের অর্থবছরের একই মাসের তুলনায় আমদানি ব্যয় বেড়েছে ৮ দশমিক ৬০ শতাংশ। বিপরীতে রফতানি আয় ১ দশমিক ৬০ শতাংশ কমে ৪৩৫ কোটি ডলারে নেমে এসেছে। ফলে আমদানি ও রফতানি আয়ের ব্যবধান বেড়ে গিয়ে বাণিজ্য ঘাটতিও বড় হয়েছে।

এদিকে রেমিট্যান্সের প্রবাহে ছিল ইতিবাচক ধারা। জুলাইয়ে প্রবাসীরা প্রায় ১৫ দশমিক ৫০ শতাংশ বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। এ সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৬ কোটি ডলার। এর ফলে মাসটিতে চলতি হিসাবে ৬ কোটি ৪০ লাখ ডলার উদ্বৃত্ত হয়েছে। তবে গত অর্থবছরের জুলাইয়ে চলতি হিসাবে উদ্বৃত্ত ছিল ১২ কোটি ৫০ লাখ ডলার।

অন্যদিকে, জুলাইয়ে দেশের আর্থিক হিসাবে ৬৮ কোটি ডলার ঘাটতি হয়েছে। আগের অর্থবছরের একই মাসে এ ঘাটতির পরিমাণ ছিল ৮৮ কোটি ডলার। একই সময়ে বিদেশি ঋণ ও অনুদানের প্রবাহও কমেছে।

সরাসরি বিদেশি বিনিয়োগেও (এফডিআই) কিছুটা পতন হয়েছে। আগের বছরের জুলাইয়ের তুলনায় ১ কোটি ডলার কমে চলতি অর্থবছরের প্রথম মাসে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে ১১ কোটি ডলার।

সব মিলিয়ে জুলাইয়ে দেশের সামগ্রিক লেনদেন ভারসাম্যে ৬৩ কোটি ডলার ঘাটতি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এই ঘাটতি ছিল ৫৪ কোটি ডলার।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.