দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা এক হাজারের কাছাকাছি পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হওয়ায় চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৯৯১ জনে। একই সময়ে নতুন করে ৯১৭ জন হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরে হাম ও হামের উপসর্গে মৃত ৯৯১ জনের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০০ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৯১ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৮৪৩ জনকে সন্দেহজনক হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন।
হাম ও উপসর্গে সংক্রমণের পাশাপাশি মৃত্যুর ধারাবাহিকতা অব্যাহত থাকায় দেশে রোগটির পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.