রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে রাতে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও সাবেক মন্ত্রী দীপু মনিসহ ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২-এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
এদিন সকালে কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। হাজির করা অন্য আসামিরা হলেন— সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও সাংবাদিক ফারজানা রুপা।
এর আগে ১৬ আগস্ট এ মামলায় ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ওই দিন ইনু ও আব্দুর রাজ্জাককে হাজির করার জন্য প্রয়োজনীয় প্রোডাকশন ওয়ারেন্ট না থাকায় এবং পলাতক আসামিদের গ্রেপ্তার-সংক্রান্ত প্রতিবেদন না আসায় রাষ্ট্রপক্ষ সময় আবেদন করে। পরে ৩ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।
গত ২৭ জুলাই শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং কারাগারে থাকা আসামিদের হাজিরের নির্দেশ দেওয়া হয়।
মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা এবং দ্বিতীয় অভিযোগে পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়.