ডেঙ্গুতে মৃত্যু আরও ৫, হাসপাতালে ৮৩৯

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে অন্তত ৫ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন। চলতি বছরে এক দিনে এটিই সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড।

রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মহানগরসহ ঢাকা বিভাগে ৪ জন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৮২ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ২৮ জন। এ ছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ২৮৭ জন। এ ছাড়া খুলনা বিভাগে ১৫৯ জন, বরিশালে ১১৭, চট্টগ্রামে ১০০, ময়মনসিংহে ৭৯ এবং রাজশাহীতে ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৭৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৮৯৭ জন। এছাড়া, ডেঙ্গু শনাক্ত হয়েছে ২৮ হাজার ৯২৯ জনের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৯৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.