মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান অংশীদারত্ব আরও জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) পাঠানো এক অভিনন্দন বার্তায় ভারতের রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সফল মেয়াদ কামনা করেন। রাজনৈতিক নেতৃত্ব ও জনজীবনে তার দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দ্রৌপদী মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক একটি অনন্য বন্ধনের ওপর প্রতিষ্ঠিত। অভিন্ন ত্যাগের ইতিহাস, সাংস্কৃতিক নৈকট্য ও পারস্পরিক বন্ধুত্ব দুই দেশের সম্পর্কের অন্যতম ভিত্তি।

তিনি জানান, সাম্প্রতিক বছরগুলোতে ভারত-বাংলাদেশ সহযোগিতা বিভিন্ন নতুন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষায় দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রয়েছে।

ভারতের রাষ্ট্রপতি বলেন, দুই প্রতিবেশী দেশের অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে মির্জা ফখরুলের সঙ্গে কাজ করার প্রত্যাশা রয়েছে তার।

বার্তার শেষাংশে বাংলাদেশের রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সুখ কামনা করার পাশাপাশি তার দায়িত্ব পালনে সাফল্য এবং বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন দ্রৌপদী মুর্মু।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.