মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও কয়েকজন

তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও কয়েকজন নতুন সদস্য যুক্ত হচ্ছেন বলে জানা গেছে। রাতে বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হতে পারে। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ছয়টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন মোট চারজন সদস্য। এর মধ্যে তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।

সূত্র বলছে, নতুন মন্ত্রী হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। প্রতিমন্ত্রী হিসেবে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম আলোচনায় রয়েছে।

এদিকে, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির শপথ শেষে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ফেব্রুয়ারিতে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। প্রায় ১৯ বছর পর গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভার আকার হয় ৫০ জনের। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

এরপর ১২ মার্চ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। একই দিনে হাফিজ উদ্দিন আহমদ স্পিকার এবং কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন। হাফিজ উদ্দিনের পদত্যাগের দিনই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান আহমেদ আযম খান। অন্যদিকে ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। সর্বশেষ গত ১ জুন পদত্যাগ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.