জাগো ফাউন্ডেশনের ডিজিটাল স্কুল প্রোগ্রাম পরিদর্শন করল গার্ডিয়ান লাইফ

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মাধ্যমে জীবনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে পরিচালিত কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনে জাগো ফাউন্ডেশনের বনানী স্কুল পরিদর্শন করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের একটি প্রতিনিধি দল।

রোববার (১৬ আগস্ট) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দিনব্যাপী এ পরিদর্শনে প্রতিনিধি দলের সদস্যরা জাগো ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের শেখার পরিবেশ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেন। সফরের শুরুতে শিক্ষার্থীরা অতিথিদের স্বাগত জানায়। পরে জাগো ফাউন্ডেশনের কার্যক্রম, পরিদর্শনের উদ্দেশ্য এবং শিশু সুরক্ষা নীতিমালা নিয়ে একটি ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়।

এরপর প্রতিনিধি দলের সদস্যরা বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তারা শিক্ষার্থীদের শেখার পরিবেশ ও শ্রেণিকক্ষের কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করেন।

পরিদর্শনের অন্যতম আকর্ষণ ছিল ডিজিটাল ক্লাসরুম। সেখানে প্রতিনিধি দলের সদস্যরা জাগো ফাউন্ডেশনের দূরবর্তী শাখার শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সরাসরি সংযুক্ত একটি ক্লাস পর্যবেক্ষণ করেন। এর মাধ্যমে প্রযুক্তির সহায়তায় দেশের প্রত্যন্ত অঞ্চলে কীভাবে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া হচ্ছে, সে সম্পর্কে তারা ধারণা লাভ করেন।

দিনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় রিফ্লেকশন সেশন। এতে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেন। পাশাপাশি জাগো ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম এবং শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ত হওয়ার সুযোগ সম্পর্কে তারা অবগত হন।

জাগো ফাউন্ডেশনের ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট বিভাগের লিড অপূর্ব কর্মকার বলেন, শিক্ষার প্রকৃত প্রভাব অনুধাবনের সবচেয়ে কার্যকর উপায় হলো শিশুদের সঙ্গে সরাসরি সময় কাটানো। এ ধরনের আয়োজন সহযোগী প্রতিষ্ঠানগুলোকে জাগো ফাউন্ডেশনের কার্যক্রম কাছ থেকে জানার সুযোগ করে দেয় এবং ভবিষ্যতে শিশুদের জন্য ইতিবাচক পরিবর্তন তৈরিতে সম্মিলিতভাবে কাজ করার অনুপ্রেরণা জোগায়।

জাগো ফাউন্ডেশন এ আয়োজনে অংশগ্রহণের জন্য গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে ধন্যবাদ জানিয়ে জানিয়েছে, ভবিষ্যতেও শিশুদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীজনের সঙ্গে অর্থবহ সহযোগিতা অব্যাহত থাকবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.