দেশ পুনর্গঠনে জনগণকেই এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

দেশকে পুনর্গঠন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি জনগণকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের প্রকৃত মালিক জনগণ; তাই দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাটে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ শেষে স্থানীয়দের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ের অব্যবস্থাপনা ও লুটপাটের কারণে দেশের বিভিন্ন খাতে সংকট তৈরি হয়েছে। এসব সমস্যা কাটিয়ে দেশ পুনর্গঠনে বর্তমান সরকার কাজ করছে। জনগণের সহযোগিতা ছাড়া এ পুনর্গঠন কার্যক্রম সফল করা সম্ভব নয়।

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বর্তমানে জনগণ বিদ্যুৎ সংকটের যে ভোগান্তি পোহাচ্ছেন, এর পেছনে আগের সরকারের অব্যবস্থাপনা দায়ী। তবে সংকট নিরসনে সরকার কাজ করছে। আগামী অধিবেশনে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় ১০ বছরের একটি পরিকল্পনা জনসমক্ষে প্রকাশ করা হবে। এ জন্য জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

তবে সংকটকে কেন্দ্র করে কেউ যাতে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া যাবে না।

একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা বাড়ানোর পাশাপাশি মাছ চাষের সুযোগ তৈরি হচ্ছে।

নারীদের শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, সরকার মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ এবং উপবৃত্তির ব্যবস্থা করা হবে। একই সঙ্গে ১ কোটি ২০ লাখ শিশুকে বিনামূল্যে স্কুলড্রেস ও স্কুলব্যাগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদ লুটপাট ও অর্থ বিদেশে পাচারের কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার সেই ক্ষতি কাটিয়ে দেশকে পুনর্গঠনের চেষ্টা করছে। এ কাজে জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন এবং কিশোরগঞ্জ-৪ আসনের এমপি মো. ফজলুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.