সৌদির আরামকো কার্যালয়ে হুথিদের হামলা

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি শাখা কার্যালয়ে ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথি। এই শাখা কার্যালয় সৌদির দক্ষিণাঞ্চলীয় শহর নাজরানে অবস্থিত।

হুথি-সমর্থিত ইয়েমেনি বার্তাসংস্থা সাবা নিউজ এজেন্সি জানিয়েছে, গতকাল শুক্রবার এ হামলা করা হয়েছে। আরও বলা হয়েছে, আরামকোর নাজরান শাখায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং যে উদ্দেশে হামলা করা হয়েছিল, তা পূরণ হয়েছে।

তবে এসব তথ্যের বাইরে সাবা নিউজ এজেন্সির প্রতিবেদনে বিস্তারিত আর কিছু বলা হয়নি। ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে সৌদির সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

এর আগে গত ৬ আগস্ট নাজরানে ক্ষেপণাস্ত্র হামলা করেছিল হুথি গোষ্ঠী। সেই হামলায় মোট ১১ জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে সৌদির নাগরিক ছিলেন ৭ জন।

সেই হামলার জবাবে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ প্রদেশে হুথিদের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে বিমান অভিযান পরিচালনা করেছিল সৌদি বিমান বাহিনী।

সম্প্রতি ইয়েমেনের দক্ষিণাঞ্চলে ক্ষমতাসীন সৌদি সমর্থনপুষ্ট সরকার এবং উত্তরাঞ্চলে আসীন হুথি সরকারের মধ্যে উত্তেজনা বৃদ্ধির জেরে লোহিত সাগরের জাহাজ চলাচলের পথ এবং লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করা বাব এল-মান্দেব প্রণালিতে অবরোধ জারি করে হুথি গোষ্ঠী। এরপর থেকেই রিয়াদের সঙ্গে টানাপোড়েন শুরু হয়েছে ইরানের সমর্থন ও মদতপুষ্ট এই সশস্ত্র গোষ্ঠীর।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.