বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব গ্রহণ করেছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক মো. মকসুদুজ্জামান আনুষ্ঠানিকভাবে ব্যাংকের দায়িত্ব সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদারের কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে একই অনুষ্ঠানে ইউনিয়ন ব্যাংকের প্রশাসক মোহাম্মদ আবুল হাসেম সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে ব্যাংকটির দায়িত্ব হস্তান্তর করেন। এই দুই ব্যাংকের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে একীভূত পাঁচটি ব্যাংকের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেছে।
অনুষ্ঠানে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদার দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক ব্যাংকিং সেবা চালুর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কঠোর সুশাসন নিশ্চিত, পূর্ণাঙ্গ শরিয়াহ পরিপালন এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা সম্প্রসারণের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিকে একটি টেকসই ও জনকল্যাণমুখী আর্থিক প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.