জুলাইয়ে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কমেছে ৩.৪ শতাংশ

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি টানা দ্বিতীয় মাসের মতো কমেছে। জুলাইয়ে দেশটির ভোক্তা মূল্যসূচক (সিপিআই) আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। অর্থনীতিবিদদের পূর্বাভাসও ছিল ৩ দশমিক ৪ শতাংশ।

সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুনে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৫ শতাংশ। এর আগে মে মাসে মূল্যস্ফীতি বেড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ ৪ দশমিক ২ শতাংশে পৌঁছেছিল।

জুলাইয়ে খাদ্য ও জ্বালানির মতো অস্থিতিশীল খাত বাদ দিয়ে মূল মূল্যস্ফীতিও কমেছে। এ সময়ে কোর সিপিআই বেড়েছে বার্ষিক ২ দশমিক ৫ শতাংশ হারে, যা জুনে ছিল ২ দশমিক ৬ শতাংশ।

তবে মূল্যস্ফীতি কমলেও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এখনো তুলনামূলক বেশি রয়েছে। জুলাইয়ে মজুরি বৃদ্ধির হার ছিল ৩ দশমিক ২ শতাংশ, যা মূল্যস্ফীতির ৩ দশমিক ৪ শতাংশ হারের চেয়ে কম। ফলে মূল্যস্ফীতির চাপ এখনো অনেক পরিবারের প্রকৃত আয়কে প্রভাবিত করছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

এদিকে জ্বালানির দাম মূল্যস্ফীতিতে বড় প্রভাব ফেলছে। জুলাইয়ে দেশটির জ্বালানি মূল্য এক বছর আগের তুলনায় ১৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এর মধ্যে গ্যাসোলিনের দাম বেড়েছে ২৪ দশমিক ৬ শতাংশ।

হরমুজ প্রণালিতে উত্তেজনা এবং ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের লোহিত সাগরে জাহাজে হামলার কারণে জুলাইয়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। মাসের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭১ ডলার থাকলেও ২৩ জুলাই তা ১০০ ডলারের ওপরে উঠে যায়।

তবে পরবর্তী সময়ে তেলের দাম কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্রে জুলাইয়ে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম ছিল ৪ দশমিক ০৬ ডলার। ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর আগে এই দাম ছিল প্রায় ৩ ডলার।

জুলাইয়ের মূল্যস্ফীতির তথ্য এখন মার্কিন ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বরের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত সপ্তাহে দুর্বল কর্মসংস্থান প্রতিবেদনের পর জুলাইয়ের সিপিআইও সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জুলাইয়ের মূল্যস্ফীতি প্রতিবেদন ফেডের জন্য আগামী সেপ্টেম্বরে সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে যুক্তি আরও শক্তিশালী করেছে। তবে আগস্টে মূল্যস্ফীতি আবার বাড়লে সেপ্টেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ফেডের পরবর্তী সুদের হার সিদ্ধান্তের আগে আগস্টের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ হবে ১১ সেপ্টেম্বর। এরপর ১৬ সেপ্টেম্বর সুদের হার নিয়ে সিদ্ধান্ত নেবে ফেড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.