সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তাঁর ছেলে হান্টার বাইডেন। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মে মাসে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার চার মাস পর ৮২ বছর বয়সী বাইডেন আক্রমণাত্মক ধরনের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন। পরে তাঁর হাড়েও ক্যান্সার ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হয়।
এরপর বাইডেনের চিকিৎসা শুরু হয়। এর মধ্যে রেডিয়েশন ও হরমোন থেরাপিও রয়েছে। গত মাসে নিজের আসন্ন স্মৃতিকথা প্রকাশের ঘোষণা দেওয়ার সময় বাইডেন জানিয়েছিলেন, তাঁর চিকিৎসা ভালোভাবেই এগোচ্ছে।
তবে বিবিসির ‘নিউজ নাইট’ অনুষ্ঠানে শুক্রবার রাতে সম্প্রচারিত সাক্ষাৎকারে হান্টার বাইডেন জানান, চিকিৎসা চললেও তাঁর বাবার ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে।
হান্টার বলেন, ক্যান্সার তাঁর বাবার হাড়সহ শরীরের আরও কয়েকটি অংশে ছড়িয়ে পড়েছে। এর ফলে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন এবং অনেক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন।
তবে অসুস্থতার মধ্যেও বাইডেন স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে জানান হান্টার। তিনি বলেন, তাঁর বাবা এখনো বাইরে যাচ্ছেন, নিজের কাজ করছেন এবং দেশের প্রতি তাঁর ভালোবাসা ও বিশ্বাস অটুট রয়েছে।
বাবার শারীরিক অবস্থা নিয়ে কথা বলার সময় সাক্ষাৎকারের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হান্টার। তিনি বলেন, বাবাকে এই অবস্থায় দেখা তাঁর জন্য অত্যন্ত কষ্টকর।
মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা বাইডেনের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা ছিল। এসব উদ্বেগের মধ্যেও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
তবে ২০২৪ সালের জুনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে বাইডেনের দুর্বল পারফরম্যান্সের পর ডেমোক্র্যাট দলের ভেতর থেকে তাঁর প্রার্থিতা নিয়ে চাপ বাড়তে থাকে। পরে তিনি প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।
এরপর বাইডেনের স্থলাভিষিক্ত প্রার্থী তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.