যুক্তরাষ্ট্র আপাতত ইরানের ওপর সম্ভাব্য হামলার পরিকল্পনা স্থগিত রাখতে সম্মত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির মৌলিক রূপরেখা নিয়ে সমঝোতা গড়ে উঠছে।
শনিবার (১ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে আপাতত হামলা না চালানোর অনুরোধ করেছে। কারণ, একটি সম্ভাব্য চুক্তির প্রধান শর্তাবলি নিয়ে সমঝোতার ভিত্তি তৈরি হয়েছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য ওই চুক্তিতে হরমুজ প্রণালি অবিলম্বে সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা এবং ইরানের পারমাণবিক হুমকির অবসানের বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পুরোপুরি প্রস্তুত ছিল। তবে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা তৈরি হওয়ায় হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। ট্রাম্প আরও বলেন, এ অবস্থানে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলও একমত।
এর আগে শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র শনিবার বা রোববারের মধ্যে ইরানের ওপর নতুন করে হামলা চালাতে পারে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সে সময় এ তথ্য প্রকাশিত হয়েছিল।
হামলা স্থগিতের ঘোষণা দিয়ে ট্রাম্প সম্ভাব্য নতুন চুক্তি দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত জুনে উভয় দেশ যুদ্ধবিরতির লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সই করলেও জুলাইয়ের শুরুতে ট্রাম্প সেই যুদ্ধবিরতি শেষ হয়েছে বলে ঘোষণা দেন। এরপর দুই দেশ আবারও পাল্টাপাল্টি হামলা শুরু করে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.