আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী অভিযান চালিয়ে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এই সময়ে গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে ১২ হাজার ৬০০ জনের বেশি ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করে। এ অভিযানে ১৪ হাজার ১৫৪ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মধ্যে ১২ হাজার ৬১৩ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ১০৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৬৫৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৩৯৭ জন রয়েছেন।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৪১৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বেআইনিভাবে দেশ ত্যাগের চেষ্টা করার সময় ২৩ জনকে আটক করা হয়। পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ১৭ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩০ হাজার ৬৭৯ জন ব্যক্তি আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন। তাদের মধ্যে ১৭ হাজার ৯০৩ জনকে ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি ৫ হাজার ৪২৪ জনকে দেশত্যাগের আগে ভ্রমণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার সতর্কবার্তা দিয়ে আসছে।
মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক দেশটিতে কর্মরত রয়েছেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.