ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিংয়ের স্প্রিং-২০২৬ ও সামার-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শুক্রবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার ড. মো. মঞ্জুর-ই-খোদা তারাফদার। তিনি বলেন, মানবসভ্যতার অগ্রযাত্রায় আলবার্ট আইনস্টাইন ও স্যার আইজ্যাক নিউটনের মতো বিজ্ঞানীদের অবদান অনন্য। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই) বিজ্ঞান ও প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বিশ্বব্যাপী আলোচিত। তাই সময়োপযোগী জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে।
তিনি আরও বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতির পাশাপাশি এর সামাজিক, পরিবেশগত ও মানবিক প্রভাব সম্পর্কেও সচেতন থাকা অত্যন্ত জরুরি। আধুনিক জীবনযাত্রা, পরিবেশ দূষণ, মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার, জেনেটিক্যালি মডিফাইড খাদ্যসহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক গবেষণা, উদ্ভাবনী চিন্তা এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই।
ড. মো. মঞ্জুর-ই-খোদা তারাফদার বলেন, বর্তমান বিশ্বে স্টার্টআপ, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর দক্ষতার চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার উদ্দেশ্য কেবল একটি ডিগ্রি অর্জন নয়; বরং জ্ঞান, দক্ষতা, নেতৃত্বগুণ, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একজন যোগ্য পেশাজীবী হিসেবে নিজেকে গড়ে তোলা। তিনি নবীন শিক্ষার্থীদের নতুন জ্ঞান অনুসন্ধান, গবেষণামুখী মানসিকতা গড়ে তোলা এবং মানবকল্যাণে প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. নাসিম আনজুম, ডিন, ফ্যাকাল্টি অব বিজনেস; প্রফেসর খন্দকার কামালুজ্জামান, ডিন, ফ্যাকাল্টি অব ল; মো. মশিউর রহমান, রেজিস্ট্রার; প্রফেসর মো. আলাউদ্দিন মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক এবং শেখ মোসাদ্দেক কবির, পরিচালক (অর্থ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আব্দুল্লাহ আল মামুন, বিভাগীয় প্রধান, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মামুন উল মতিন, জয়েন্ট রেজিস্ট্রার, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং স্প্রিং-২০২৬ ও সামার-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, শিক্ষা-নীতি, আধুনিক ল্যাবরেটরি, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রম এবং কর্মজীবন উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বে একজন দক্ষ ও দায়িত্বশীল প্রকৌশলী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে নিয়মিত জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা, উদ্ভাবনী সক্ষমতা এবং পেশাগত দক্ষতার সমন্বিত বিকাশ অপরিহার্য। তারা আরও বলেন, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আধুনিক শিক্ষার পরিবেশ, যুগোপযোগী ল্যাবরেটরি, অভিজ্ঞ শিক্ষকবৃন্দ এবং বাস্তবমুখী পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয় এবং তাদের সফল শিক্ষাজীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.