ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত

তিন দিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গোরের ঢাকায় পৌঁছানোর তথ্য জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

এক ফেসবুক বার্তায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন লেখেন, ‘আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তাঁর এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।’

ঢাকা সফরের প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসবেন সার্জিও গোর। এতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। বিশেষ করে, সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান ও পররাষ্ট্রনীতি সম্পর্কে জানতে চাইতে পারে ওয়াশিংটন।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া, কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের পরিকল্পনাও রয়েছে তার।

জানা গেছে, গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর চীন সফর, পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের পর বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে যে আগ্রহ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে ওয়াশিংটন ঢাকার পররাষ্ট্রনীতি বুঝতে ও জানতে চায়।

এ বছরের জানুয়ারিতে সার্জিও গর দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে ভারত ছাড়াও বাংলাদেশ, নেপালসহ এ অঞ্চলের বেশ কয়েকটি দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি। এর আগে নেপাল ও শ্রীলঙ্কা সফর করেন গর।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.