প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং মূল্যবোধভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে সরকার নতুন কারিকুলাম ও নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, এ লক্ষ্যে দেশের আটটি বিভাগে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ধারাবাহিক কর্মশালার আয়োজন করা হয়েছে, যার সূচনা হয়েছে সিলেট বিভাগ থেকে।
রবিবার (২৬ মার্চ) সিলেট নগরের পিটিআই অডিটোরিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ববি হাজ্জাজ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত বাংলাদেশের প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহি ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন প্রতিমন্ত্রী।
ববি হাজ্জাজ বলেন, উন্নত বিশ্বের শিক্ষাব্যবস্থা হুবহু অনুসরণ নয়, বরং বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে ফলাফলভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। প্রাথমিক পর্যায়ে মৌলিক শিক্ষা শতভাগ নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয়, পারিবারিক ও নাগরিক মূল্যবোধকে নতুন কারিকুলামে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশবরেণ্য বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় কারিকুলাম প্রণয়নের কাজ এগিয়ে চলছে। একই সঙ্গে শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের জন্য নতুন নীতিমালার প্রথম খসড়া আগামী ১৭ আগস্টের মধ্যে প্রস্তুত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.