দাবি পূরণের পর আন্দোলনের সমাপ্তি ঘোষণা সিজেপির

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং অন্যান্য দাবি পূরণ হওয়ায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) সরকারের প্রতিনিধিদের সঙ্গে সিজেপির প্রতিনিধিরা বৈঠক করেন। এরপর যৌথ ঘোষণায় তারা আন্দোলন সমাপ্তির ঘোষণা দেন এবং বিক্ষোভকারীদের বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানান।

সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা ভারতের দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সংবাদ সম্মেলন করেন। তারা সাংবাদিকদের বলেন, সরকার তাদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আর সেই সদিচ্ছার অংশ হিসেবে তারা আন্দোলন সমাপ্ত করছেন।

তারা বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিটি তারা সরাসরি আদায় করে নিয়েছেন। আর দুটি দাবির মধ্যে ছিল বিক্ষোভকারীদের বিরুদ্ধে হওয়া পুলিশি অভিযোগ প্রত্যাহার এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জেরে যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়া। সরকার তাদের এ দাবিগুলোও মেনে নিয়েছে।

মুখপাত্র সৌরভ দাস বলেন, “সরকার যেহেতু আমাদের দাবি মেনে নিয়েছে, তাই আমরা সব আন্দোলনকারীকে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”

আরেক মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, “৩৬ দিনের আন্দোলনের পর সরকার আমাদের দাবি মেনে নিয়েছে। আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভস্থল থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের দাবিগুলো উগ্র ছিল না, ছিল সাধারণ এবং সরকার এখন এগুলো মেনে নিয়েছে।”

গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির যন্তর মন্তরে পুলিশ লাউড স্পিকারে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ঘোষণা দিচ্ছে, সরকার তাদের দাবি মেনে নিয়েছে। এখন তারা যেন সেখান থেকে সরে যান।

এক মাসের বেশি সময় ধরে চলা এ আন্দোলনের কারণে যন্তর মন্তরের আশপাশের মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়া জনসমাগম ঠেকাতে সেখানকার ১৬-১৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.