২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। হজ প্যাকেজ-১ ও হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী) নামে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সংবাদ সম্মেলনে ২০২৭ সালের হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণা করেন।
এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে ২০২৬ সালের চেয়ে বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমেছে। এর মধ্যে হজ প্যাকেজ-১–এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২–এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
অন্যদিকে বেসরকারি তথা হজ এজেন্সির মাধ্যমে হজযাত্রীদের জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
ধর্মমন্ত্রী বলেন, ২০২৭ সালে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় মক্কা ও মদিনায় হজযাত্রীদের আবাসন, যাতায়াত, ক্যাটারিং, তাবু ও সার্ভিস প্যাকেজকে একটি সমন্বিত প্যাকেজের মধ্যে আনার ঘোষণা দিয়েছে। ২০২৬ সালে মিনা-আরাফায় এ, বি, সি ও ডি মোট চারটি সার্ভিস প্যাকেজ ছিল। কিন্তু ২০২৭ সালের হজে সার্ভিস প্যাকেজ হবে তিনটি। এসব ছাড়াও ২০২৭ সালের হজে হাফ বোর্ড ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে। এ সব উদ্যোগের কারণে হজযাত্রীদের সেবার মান বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.