হরমুজ প্রণালি ইস্যুতে আবারও কঠোর অবস্থান নিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের নির্ধারিত শর্ত পূরণ না করা পর্যন্ত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় খুলে দেওয়া হবে না। একই সময়ে ইরানের বিভিন্ন অঞ্চলে নতুন করে হামলার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে বার্তা সংস্থা আনাদোলু, ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সির বরাতে জানায়, দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামি-নিয়া বলেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে ইরানের কর্তৃত্ব নিশ্চিত না হওয়া পর্যন্ত এই কৌশলগত জলপথ চালু করা হবে না।
তিনি বলেন, গত মাসে হওয়া শান্তি-সংক্রান্ত কাঠামোগত সমঝোতার শর্তগুলো যুক্তরাষ্ট্রকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ওয়াশিংটনকে ইরানের ভাষায় ‘বৈরী কর্মকাণ্ড’ বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালিতে চলাচলের ক্ষেত্রে তেহরানের নির্ধারিত নিয়মও মেনে নিতে হবে।
মোহাম্মদ আকরামি-নিয়া আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযান ইরানকে কোনোভাবেই হরমুজ প্রণালি খুলে দিতে বাধ্য করতে পারবে না।
এদিকে একই সময়ে ইরানের বিভিন্ন শহরে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মধ্যেই মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানে নতুন দফায় হামলা চালানোর ঘোষণা দিয়েছে।
সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি সৃষ্টি করতে পারে— এমন ইরানি সামরিক সক্ষমতাকে লক্ষ্য করেই এসব হামলা পরিচালনা করা হচ্ছে।
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই সর্বশেষ এ অবস্থান সামনে এলো। পাকিস্তানের মধ্যস্থতায় একটি কাঠামোগত সমঝোতা হলেও দুই পক্ষের সংঘাত পুরোপুরি থামেনি। যুক্তরাষ্ট্র প্রায় প্রতিদিনই ইরানে সামরিক হামলা চালাচ্ছে, আর এর জবাবে তেহরানও মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.