আল-আরাফাহ ইসলামী ব্যাংক ফিরল পুরনো মালিকদের হাতে

বাংলাদেশ ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনার দায়িত্ব আবারও উদ্যোক্তা পরিচালকদের হাতে ফিরিয়ে দিয়েছে। বুধবার (১৫ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক ১২ জন উদ্যোক্তা পরিচালক ও দুইজন স্বতন্ত্র পরিচালকের সমন্বয়ে ১৪ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, ২০২৪ সালের আগস্টের পর বিভিন্ন অনিয়মের প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংক ১৬টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছিল। এর মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতি হওয়ায় এবং উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় ব্যাংকটির পরিচালনার দায়িত্ব আবার তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

আরিফ হোসেন খান বলেন, অন্য যেসব ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছিল, সেসব ব্যাংকের উদ্যোক্তাদের অনেক ক্ষেত্রেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হওয়ায় নতুন উদ্যোক্তা-নির্ভর পর্ষদ গঠন করা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যানের ভাই আব্দুস সামাদ লাবু। ২০২৪ সালের আগস্টের পর কেন্দ্রীয় ব্যাংক সেই পর্ষদ ভেঙে দিয়ে পাঁচ সদস্যের স্বতন্ত্র পরিচালনা পর্ষদ গঠন করে। ওই পর্ষদের চেয়ারম্যান ছিলেন খাজা শাহরিয়ার। অন্য স্বতন্ত্র পরিচালকরা ছিলেন মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাসান।

নতুন পরিচালনা পর্ষদে যারা রয়েছেন

নতুন ১৪ সদস্যের পর্ষদে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ এবং কেডিএস টেক্সটাইলের প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ অন্তর্ভুক্ত হয়েছেন।

এ ছাড়া পরিচালক হিসেবে রয়েছেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, এনায়েত উল্লাহ, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, আনোয়ার হোসাইন, আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী এবং কেওয়াই স্টিল মিলসের প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিম।

নতুন পর্ষদে ১২ জন উদ্যোক্তা পরিচালক ও দুইজন স্বতন্ত্র পরিচালক রয়েছেন বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.