শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় ও উত্তরার বিএনএস সেন্টারের সামনের সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ শুরুর আগে তারা সড়কে অবস্থান নেন। এতে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দেখা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এসে সড়কে অবস্থান নিচ্ছেন। একপর্যায়ে তারা সড়কের বিভিন্ন অংশে বসে পড়েন এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। চারপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই সময় মোড়ের চারপাশে বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
অবরোধ চলাকালে শিক্ষার্থীদের ‘দফা এক, দাবি এক- শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে- ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে- শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের হাতে পরীক্ষা স্থগিত, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তিন দফা দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ডও ছিল।
বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল ও প্রশ্নের মান নিয়ে ক্ষোভ জানিয়ে গতকাল মঙ্গলবার দিনভর ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। গতকাল রাত পৌনে ১০টার দিকে ঢাকায় একদল শিক্ষার্থী নতুন কর্মসূচি দিয়ে বিক্ষোভ শেষ করেন।
শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ। এদিকে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে তাঁর বক্তব্যের জন্য গতকাল সংসদে দুঃখ প্রকাশ করেছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.