প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতেই গাছের চারা রোপন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় অনুষ্ঠানস্হলের বাইরে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমাদের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য দিন। স্মরণীয় দিন। আমরা বাংলাদেশের মাটিতে একসঙ্গে অনেকগুলো গাছ রোপণ করলাম।’
শিশুদের উদ্দেশে ততিনি বলেন, ‘তোমরা চেষ্টা করবে প্রতি বছর একটি করে গাছ লাগানোর জন্য। সেটা তোমার স্কুলে হোক, সেটি তোমার বাসার আশেপাশে হোক, যেখানে যেখানে মনে করবে একটি গাছ রোপণ করা যাবে—তোমাদের সকলের কাছে আমার অনুরোধ, একটি করে গাছ রোপণ করবে। ওই গাছটি কী গাছ? ওই গাছটি কত দিন বাঁচে? ওই গাছটি কী পরিমাণ অক্সিজেন উৎপাদন করে? ওই গাছটি মানুষের কী কী উপকারে লাগে—এই বিষয়গুলো তোমরা ইন্টারনেট ঘেঁটে রিসার্চ করবে। তাহলে প্রতি বছর তুমি একটি গাছ সম্পর্কে জানতে পারবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘গাছগুলো যখন বড় হবে; সেটি তোমার স্কুলেই হোক, সেটি তোমার বাসায় হোক, যদি স্কুলে বড় হয় দেখবে সব বন্ধুরা যখন খেলতে খেলতে ক্লান্ত হয়ে যাবে, ওই গাছের ছায়ায় সুন্দর করে বিশ্রাম করতে পারবে। একইভাবে বাসায় যদি গাছ রোপণ করো, ওই বাসার আশেপাশে গাছটা যখন বড় হবে, যখন সুন্দর বাতাস বইবে, দেখবে যে ঘরে বসে তুমি ওই বাতাস উপভোগ করতে পারবে। পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে যাবে।’
শিশুদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘আসো আমরা সকলে মিলে চেষ্টা করি, আমাদের এই বাংলাদেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে।’
এর আগে, নির্বাচনী ইশতেহার অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে সারাদেশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছিল সরকার। যেখানে উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয় এসব প্রতিযোগিতা।
এতে দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করা হবে আজ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.