সংস্কার ধাপে ধাপে হবে, রাতারাতি পরিবর্তন সম্ভব নয়: অর্থমন্ত্রী
দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সংস্কার ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাতারাতি বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব নয় এবং এ বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)ও একমত। কোন সংস্কার কখন বাস্তবায়ন করা প্রয়োজন, সেই অগ্রাধিকার নির্ধারণ করেই সরকার এগোবে।
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে আইএমএফের বাংলাদেশ ও হংকং–বিষয়ক মিশনপ্রধান ইভো ক্রজনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, সরকারের আর্থিক সংস্কার, রাজনৈতিক দায়বদ্ধতা এবং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতির প্রতি আইএমএফ ইতিবাচক মনোভাব দেখিয়েছে। নতুন ঋণ কর্মসূচির ভিত্তি ও বাস্তবায়নের ধাপ নিয়েও দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
অর্থমন্ত্রী জানান, নতুন ঋণ কর্মসূচি কোন নীতিমালার ভিত্তিতে পরিচালিত হবে, সে বিষয়ে সরকার ও আইএমএফের মধ্যে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। সরকারের প্রস্তাবিত নীতিগত কাঠামোর সঙ্গে আইএমএফ একমত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, একটি রাজনৈতিক সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে। তাই অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আইএমএফও এই রাজনৈতিক দায়িত্বশীলতাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকারের চার মাসের কর্মকাণ্ডে আর্থিক খাতের সংস্কার, শেয়ারবাজার ও পুঁজিবাজারের উন্নয়ন এবং রাজস্ব আদায়ে যে অগ্রগতি হয়েছে, তাতে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে।
তার দাবি, দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাত্র চার মাসে কর আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একই সঙ্গে কর-জিডিপি অনুপাত বাড়ানোর সরকারি পরিকল্পনা নিয়েও আইএমএফের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে।
ভর্তুকি বিষয়ে তিনি বলেন, এখনো কোনো নির্দিষ্ট শর্ত বা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হয়নি। আপাতত নতুন ঋণ কর্মসূচির মৌলিক কাঠামো ও ভিত্তি নির্ধারণের বিষয়েই আলোচনা হয়েছে। পরবর্তী ধাপে অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
অর্থমন্ত্রী জানান, আইএমএফের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে বিশ্বব্যাংকের বার্ষিক সভার সময় এ বিষয়ে আবারও বৈঠক হবে। তিনি বলেন, সরকারের চলমান সংস্কার কার্যক্রমে আইএমএফ সন্তুষ্ট এবং সেই ভিত্তিতেই নতুন কর্মসূচি চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.