পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্যাফোডিল কম্পিউটার্স ও উসমানিয়া গ্লাসের শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণে শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই)।
সোমবার (১৩ জুলাই) দিনের অবশিষ্ট সময়ের জন্য কোম্পানি দুটির শেয়ার লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) বা উল্লেখযোগ্য ব্যবসায়িক ঘোষণা ছাড়াই সাম্প্রতিক সময়ে কোম্পানি দুটির শেয়ারের দর ও লেনদেনে অস্বাভাবিক বৃদ্ধি দেখা যায়। এ কারণে বিনিয়োগকারীদের স্বার্থে সাময়িকভাবে শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। বিষয়টি স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত এক মাসে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ১৪ জুন শেয়ারটির দাম ছিল ১৪৬ দশমিক ৩০ টাকা, যা ৯ জুলাই বেড়ে দাঁড়ায় ১৭০ দশমিক ৬০ টাকায়। অর্থাৎ কয়েক কার্যদিবসের ব্যবধানে শেয়ারটির মূল্য বেড়েছে ২৪ দশমিক ৩০ টাকা বা প্রায় ১৬ দশমিক ৬১ শতাংশ।
অন্যদিকে, উসমানিয়া গ্লাসের শেয়ারের দাম আরও বেশি বেড়েছে। ২২ জুন শেয়ারটির দাম ছিল ৩৭ দশমিক ৩০ টাকা, যা ৯ জুলাই বেড়ে ৭০ দশমিক ২০ টাকায় পৌঁছায়। ফলে অল্প সময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৩২ দশমিক ৯০ টাকা বা প্রায় ৮৮ দশমিক ২০ শতাংশ।
এ ধরনের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রক ব্যবস্থা হিসেবে দুই স্টক এক্সচেঞ্জ শেয়ার দুটির লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে।
এর আগে গত ২১ জুন ড্যাফোডিল কম্পিউটার্স এবং ২ জুলাই উসমানিয়া গ্লাসের কাছে শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির কারণ জানতে চেয়ে চিঠি পাঠায় ডিএসই। জবাবে উভয় কোম্পানি জানায়, তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই, যা শেয়ারের দাম বা লেনদেনে প্রভাব ফেলতে পারে। কোম্পানিগুলোর ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক অবস্থানেও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটেনি বলে জানানো হয়।
স্টক এক্সচেঞ্জ সূত্র আরও জানিয়েছে, শেয়ার দুটির দরবৃদ্ধির সঙ্গে বাস্তব ব্যবসায়িক অবস্থার সুস্পষ্ট কোনো সম্পর্ক পাওয়া যায়নি। ফলে গোপন তথ্যের অপব্যবহার, সমন্বিত লেনদেন বা বাজার কারসাজির কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় নথি ও অতিরিক্ত তথ্যও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছে চাওয়া হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.