প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সরকারি সফরে বরিশালে পৌঁছেছেন। আজ সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে বরিশালের গৌরনদীর ভূরঘাটা এলাকায় পৌঁছান।
নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম বরিশাল সফর। এ সময় তাঁর গাড়িবহরকে বরিশাল জেলায় আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় স্থানীয় প্রশাসন ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা।
এরপর তাঁরা গাড়িবহর নিয়ে গৌরনদী পৌরসভার কর্মসূচিস্থলের উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো সড়কপথের দুই পাশে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে—সকালে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন করে খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ এবং বাটাজোরে ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচিতে অংশগ্রহণ। এরপর বরিশাল সিটি কর্পোরেশনের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে আয়োজিত অন্য একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন তিনি।
দুপুরে সার্কিট হাউসের বিরতি শেষে বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সব কর্মসূচি শেষ করে আজ সোমবার সন্ধ্যায় সড়কপথেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে পুরো দক্ষিণাঞ্চলে ব্যাপক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এই সফরে অঞ্চলের দীর্ঘদিনের কিছু বড় অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.