হরমুজ প্রণালি সাময়িক বন্ধ ঘোষণা করলো আইআরজিসি

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে বিদেশি হস্তক্ষেপ কিংবা তাদের ভাষায় ‘অবৈধ নৌপথ’ ব্যবহার করে চলাচলের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সংস্থাটির দাবি, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, কয়েকটি জাহাজ নির্ধারিত নৌপথে ফিরে যাওয়ার নির্দেশ অমান্য করেছে। এর মধ্যে একটি জাহাজ নিজের ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ করে নিরাপত্তা ঝুঁকি তৈরি করলে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। পরে জাহাজটিকে থামানো হয় বলে দাবি করেছে আইআরজিসি।

ইরানের এই বাহিনী জানিয়েছে, এলাকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে ভবিষ্যতে নতুন কোনো হামলা বা নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.